ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

আজ প্রপোজ ডে, মনের কথা বলার সেরা দিন

  ফ্যাশন ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

আজ প্রপোজ ডে, মনের কথা বলার সেরা দিন
ছবি: সংগৃহীত

চলতি মাসের ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। তবে তার আগেই ভালোবাসার সপ্তাহজুড়ে নানা দিবস উদযাপনের মধ্য দিয়ে প্রেমের আবহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় আজ রোববার, ৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে প্রপোজ ডে ২০২৬। যাঁরা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু মনের কথা প্রকাশের সাহস পাচ্ছেন না, তাঁদের জন্য আজকের দিনটি হতে পারে সবচেয়ে উপযুক্ত সময়।

ভালোবাসার সপ্তাহে প্রপোজ ডে এমন একটি দিন, যেদিন নিজের অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পাওয়া যায়। সংশয় ঝেড়ে ফেলে প্রিয় মানুষটির কাছে ভালোবাসার প্রস্তাব দিতে চাইলে কিছু সৃজনশীল ও রোমান্টিক উপায় অনুসরণ করা যেতে পারে।

মনের ভাব প্রকাশের সহজ ও আবেগঘন মাধ্যম হিসেবে গানের কথা বলা হয়। গান গাওয়ার প্রতিভা থাকলে প্রিয় মানুষটির জন্য একটি রোমান্টিক গান গেয়ে শোনানো যেতে পারে। গানটি যদি নিজের লেখা হয়, তবে সেটি সঙ্গীর কাছে আরও বেশি বিশেষ হয়ে উঠবে।

ডিজিটাল যুগেও হাতে লেখা চিঠি কিংবা কবিতার আবেদন কমেনি। নিজের অনুভূতিগুলো সাজিয়ে একটি চিঠি বা ছোট কবিতা লিখে দিলে তা প্রিয়জনের মনে গভীর ছাপ ফেলতে পারে। অন্যের লেখা নকল না করে নিজের অগোছালো কথাগুলোকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সম্পর্কবিশেষজ্ঞরা।

যদি সঙ্গী বইপ্রেমী হন, তবে একটি পছন্দের রোমান্টিক বই উপহার দিয়ে বইয়ের ভেতরে একটি চিরকুটে নিজের মনের কথা লিখে রাখা যেতে পারে। নির্দিষ্ট কোনো পৃষ্ঠা পড়তে বললে সারপ্রাইজটি আরও আবেগঘন হয়ে উঠবে।

একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি দিয়েও প্রপোজ করা যায়। ছবি ও স্মৃতির সমন্বয়ে একটি বক্স তৈরি করে প্রতিটি ছবির পেছনে ছোট নোট লেখা যেতে পারে। একেবারে শেষ নোটে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রস্তাব দিলে সেটি হয়ে উঠতে পারে স্মরণীয় মুহূর্ত।

রোমান্টিক পরিবেশে প্রপোজ করতে চাইলে ক্যান্ডেল লাইট ডিনার অন্যতম জনপ্রিয় উপায়। মোমবাতির আলো ও পছন্দের খাবারের মাঝে নিজের ভালোবাসার কথা বললে প্রস্তাবটি আরও গভীর আবেগ তৈরি করে।

প্রযুক্তিপ্রেমী সঙ্গীর জন্য ডিজিটাল প্রপোজালের পথও খোলা রয়েছে। পার্সোনালাইজড ওয়েবসাইট, ভিডিও মেসেজ, অনলাইন কার্ড কিংবা ভিডিও কলের মাধ্যমেও ভালোবাসার প্রস্তাব দেওয়া যায়।

আর সম্পর্ক যদি দীর্ঘদিনের হয় এবং বিয়ের জন্য প্রস্তুতি থাকে, তবে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করাই সবচেয়ে ক্লাসিক ও কার্যকর পদ্ধতি হিসেবে ধরা হয়।

ভালোবাসার সপ্তাহের এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রস্তাবের ধরন নয়, বরং মনের সত্যতা। সঠিক সময় ও আন্তরিকতা থাকলে আজকের প্রপোজ ডে অনেকের জীবনে হয়ে উঠতে পারে নতুন সম্পর্কের শুরু।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত